পরিচিতি

পরিচিতি

দাওয়া, ইসলামিক থট এন্ড অ্যাফেয়ার্স একাডেমি (DITA)

দাওয়া, ইসলামিক থট এন্ড অ্যাফেয়ার্স একাডেমি (DITA) শিক্ষা, দাওয়াহ ও পূর্ণত মানবকল্যাণে নিবেদিত একটি অরাজনৈতিক ও অলাভজনক সেবামূলক সরকার নিবন্ধিত প্রতিষ্ঠান।

মানুষ জ্ঞান, মূল্যবোধ ও অর্থপূর্ণ জীবনের অনুসন্ধানী এক সত্তা। তার অস্তিত্বের গভীরে লুকিয়ে আছে এক প্রবল আকাঙ্ক্ষা—সত্যকে স্পর্শ করার, সত্যের আলোয় নিজেকে আবিষ্কার করার আকুতি। সে জানতে চায় নিজের পরিচয়, জীবনের অর্থ, জীবনের গন্তব্য ও সাফল্যের মানদণ্ড। জানতে চায় এই পৃথিবীর শুরু ও শেষের রহস্য। ব্যক্তি ও সমাজের সুস্থ বিকাশের জন্য সে অনুসন্ধান করে সঠিক দিকনির্দেশনা, ভারসাম্যপূর্ণ চিন্তা এবং দায়িত্বশীল আচরণের পথ। কিন্তু প্রশ্ন থেকে যায়—এই গভীর অনুসন্ধানের আলো সে কোথায় পাবে?

মানবসত্তার সেই অন্তর্নিহিত পিপাসার প্রকৃত নিবারণ হলো ইসলাম। ইসলামকে সাজানো হয়েছে মানুষের ফিতরাতের সাথে সামঞ্জস্য রেখে—এই সত্তাকে লালন, পরিশুদ্ধ ও পরিপূর্ণ করার লক্ষ্যে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, অনেক মানুষ ইসলামের প্রকৃত বার্তা জানে না; জানে না তার সঠিক চিন্তা ও দর্শন। তারা বোঝে না কীভাবে ইসলামের সাথে অন্তর ও আত্মার গভীর সংযোগ স্থাপন করতে হয়। একদিকে জ্ঞানের স্বল্পতা, অন্যদিকে ইসলামের ভুল ব্যাখ্যা, অপব্যবহার ও বিকৃত উপস্থাপন—এই দুইয়ে মিলে মানুষ ক্রমেই ইসলামের আলো থেকে দূরে সরে যাচ্ছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু একটি সম্প্রদায় নয়, বরং সমগ্র মানবজাতি, মানবতা, সমাজ ও বিশ্বব্যবস্থা। এই বাস্তবতাকে সামনে রেখেই শায়েখ মুফতী আবদুল্লাহ নাজীব হাফিযাহুল্লাহ্‌র তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়েছে দাওয়া, ইসলামিক থট এন্ড অ্যাফেয়ার্স একাডেমি (DITA)।

লক্ষ্য ও উদ্দেশ্য

দাওয়া, ইসলামিক থট এন্ড অ্যাফেয়ার্স একাডেমি চারটি মৌলিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত— দাওয়াহ, শিক্ষা, সেবা ও গবেষণা। দীন, উম্মাহ, সমাজ ও দেশের সামগ্রিক উন্নয়ন এবং মানবকল্যাণে কার্যকর অবদান রাখার লক্ষ্যে এ চারটি ক্ষেত্রে উৎকর্ষ সাধনই একাডেমির প্রধান উদ্দেশ্য।

দাওয়াহ

বিশুদ্ধ ঈমান, আমল ও দাওয়াতি চেতনায় সমৃদ্ধ আদর্শ উম্মাহ গঠন এবং ইসলামের সঠিক ও উপযোগী উপস্থাপন, ইসলামী চিন্তা, সংস্কৃতি ও সভ্যতার প্রচার-প্রসার।

শিক্ষা

ইসলামী শিক্ষার বিস্তার, শিক্ষার মানোন্নয়ন এবং জ্ঞান ও শিক্ষাকে ইসলামীকরণের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখা।

সেবা

মানবকল্যাণ, সামাজিক উন্নয়ন এবং সৃষ্টির সেবার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন সাধন। স্বনির্ভর উম্মাহ বিনির্মাণে ভূমিকা রাখা।

গবেষণা

দীন, উম্মাহ ও মানবতার কল্যাণে মৌলিক ও প্রয়োগধর্মী গবেষণার প্রসার; কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং গবেষণামুখী চিন্তাশীল উম্মাহ গঠন।

মূল দর্শন

আল্লাহ তাআলার সন্তুষ্টিই আমাদের সকল প্রচেষ্টা ও কার্যক্রমের চূড়ান্ত লক্ষ্য; আর কুরআন, সুন্নাহ ও আহলে সুন্নাত ওয়াল জামাআতের মানহাজই আমাদের চিন্তা ও কর্মের একমাত্র মানদণ্ড।

কর্মপদ্ধতি

আমাদের কার্যক্রম পরিচালিত হয় প্রজ্ঞা, স্বচ্ছতা ও সমন্বিত প্রচেষ্টার সমন্বয়ে। একাডেমির মৌলিক কর্মপদ্ধতিসমূহ নিচে তুলে ধরা হলো:

ইনক্লুসিভ পরিবেশ নির্মাণ

দাওয়া, ইসলামিক থট এন্ড অ্যাফেয়ার্স একাডেমি উলামায়ে কেরাম ও সাধারণ শিক্ষায় শিক্ষিত ব্যক্তিবর্গের সমন্বয়ে গড়ে ওঠা একটি প্রতিষ্ঠান। তাই উভয় ধারার জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা ও প্রজ্ঞার সৃজনশীল সমন্বয় নিশ্চিত করতে একাডেমি অন্তর্ভুক্তিমূলক (Inclusive) পরিবেশ ও সহযোগিতামূলক কর্মপদ্ধতি অনুসরণ করে।

চিন্তা ও সিদ্ধান্তের নীতি

একাডেমি চিন্তা ও কর্মে ভারসাম্য, মধ্যপন্থা (ই‘তিদাল) এবং প্রজ্ঞাভিত্তিক দৃষ্টিভঙ্গিকে ধারণ করে। বাস্তবতা, প্রয়োজন ও অগ্রাধিকারের আলোকে ইতিবাচক, দায়িত্বশীল ও ফলপ্রসূ সিদ্ধান্ত গ্রহণ এবং কার্যকর উদ্যোগ বাস্তবায়নে বিশ্বাসী।

স্বচ্ছতা ও জবাবদিহিতা

একাডেমি সকল কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার নীতি অনুসরণ করে। প্রাতিষ্ঠানিক উৎকর্ষ, সুশাসন এবং আমানতদারিত্ব নিশ্চিত করাকে এর মৌলিক কর্মনীতি হিসেবে বিবেচনা করা হয়।

অরাজনৈতিকতা ও শৃঙ্খলাপূর্ণ অবস্থান

একাডেমি কোনো দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত নয় এবং তার সকল কার্যক্রমকে জ্ঞান, দাওয়াহ, শিক্ষা, সেবা ও গবেষণার পরিসরে সীমাবদ্ধ রাখে। একই সঙ্গে সকল প্রকার বিভেদ, উগ্রতা, বিশৃঙ্খলা ও সংঘাতমূলক প্রবণতা থেকে দূরে থেকে শান্তি, সম্প্রীতি, সামাজিক স্থিতিশীলতা এবং গঠনমূলক সহযোগিতার পরিবেশ প্রতিষ্ঠায় বিশ্বাসী।

প্রতিষ্ঠাতা

মুফতী আবদুল্লাহ নাজীব

প্রতিষ্ঠাতা, দাওয়া, ইসলামিক থট এন্ড অ্যাফেয়ার্স একাডেমি

প্রধান, জামিআ সুফফাহ শারকিয়া

দাওয়া, ইসলামিক থট এন্ড অ্যাফেয়ার্স একাডেমি উলামায়ে কেরামের পরামর্শ ও দিকনির্দেশনায় শায়খ মুফতী আবদুল্লাহ নাজীব হাফিযাহুল্লাহ-এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষা, গবেষণা, দাওয়াহ ও বুদ্ধিবৃত্তিক চর্চার সমন্বয়ে একটি কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যেই তিনি এ প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করেন।

শায়খ মুফতী আবদুল্লাহ নাজীব তাঁর সুদীর্ঘ শিক্ষা ও কর্মজীবনে দীনের বহুমুখী খিদমতে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। তাঁর প্রাজ্ঞ নেতৃত্ব ও বুদ্ধিবৃত্তিক দিকনির্দেশনায় একাডেমি তার লক্ষ্যপানে এগিয়ে চলেছে।

মুফতী আবদুল্লাহ নাজীব হাফিযাহুল্লাহ দীর্ঘ সময় বাংলাদেশের অন্যতম প্রাচীন ও বৃহৎ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম হাটহাজারীতে অধ্যাপনার দায়িত্ব পালন করেছেন। তিনি উচ্চতর শিক্ষা ও গবেষণাসংশ্লিষ্ট বিভাগে শিক্ষকতা, বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন এবং শিক্ষার্থীদের একাডেমিক ও গবেষণামূলক প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বর্তমানে তিনি উচ্চতর শিক্ষা, গবেষণা ও দাওয়াহভিত্তিক প্রতিষ্ঠান জামিআ সুফফাহ শারকিয়ার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

গবেষণা তাঁর কর্মপরিধির অন্যতম প্রধান ক্ষেত্র। ইসলামী শিক্ষা, হাদীস, ফিকহ, সমকালীন চিন্তা, দাওয়াহ এবং সমাজ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁর গবেষণামূলক প্রবন্ধ, নিবন্ধ ও গ্রন্থ প্রকাশিত হয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সাময়িকী ও গবেষণা জার্নালে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। পাশাপাশি তিনি বহু গবেষণা প্রকল্প, প্রবন্ধ ও প্রকাশনার সম্পাদনা, তত্ত্বাবধান ও পর্যালোচনার দায়িত্ব পালন করেছেন।

তিনি দীর্ঘদিন দারুল উলূম হাটহাজারীর মুখপত্র মাসিক মুঈনুল ইসলাম-এর সম্পাদনা ও প্রকাশনা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এছাড়া বিভিন্ন গবেষণামূলক, সাহিত্যিক ও দাওয়াহভিত্তিক প্রকাশনার সম্পাদনা ও ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা পালন করেছেন। বর্তমানে তিনি বাংলা ও আরবি ভাষায় প্রকাশিত দুটি গবেষণামুখী সাময়িকীর সম্পাদনা ও প্রকাশনা কার্যক্রম পরিচালনা করছেন।

শিক্ষা ও গবেষণার পাশাপাশি তিনি দাওয়াহ, বুদ্ধিবৃত্তিক জাগরণ এবং মানবসম্পদ উন্নয়নমূলক কার্যক্রমের সঙ্গেও সক্রিয়ভাবে সম্পৃক্ত। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা কেন্দ্র ও সামাজিক সংগঠনে তিনি নিয়মিত প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা এবং একাডেমিক বক্তৃতা প্রদান করে আসছেন। বিশেষত দাওয়াহ-পদ্ধতি, আকীদা ও ভ্রান্ত মতবাদ, সভ্যতা-অধ্যয়ন, গবেষণাপদ্ধতি, লেখালেখি, ইসলামী চিন্তা এবং সমকালীন বিভিন্ন বিষয়ে তাঁর আলোচনা শিক্ষার্থী ও গবেষকমহলে সমাদৃত।

শিক্ষাজীবন সমাপ্তির পর থেকেই তিনি ইফতা ও ফতোয়া প্রদানের দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এ পর্যন্ত তিনি অসংখ্য ফতোয়া রচনা ও প্রদান করেছেন। ফিকহ ও ফতোয়াবিষয়ক বিভিন্ন গবেষণামূলক প্রবন্ধ, নিবন্ধ ও একাডেমিক লেখা রচনা ও সম্পাদনা করেছেন। এ ছাড়া তিনি ‘ফতোয়া মুঈনুল ইসলাম’ নামক বৃহৎ ফতোয়া-সংকলনের মৌলিক সম্পাদনা ও প্রকাশনার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্তমানে তিনি জামিআ সুফফাহ শারকিয়া-এর প্রধান মুফতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নিয়মিত ফতোয়া প্রদান, ইফতা-প্রশিক্ষণ ও ফিকহি গবেষণাকর্মে নিয়োজিত রয়েছেন।

জ্ঞান, গবেষণা ও দাওয়াহভিত্তিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে তিনি বিভিন্ন শিক্ষা ও গবেষণা উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি বাংলাদেশের সুপরিচিত শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান জামিআ সুফফাহ শারকিয়া প্রতিষ্ঠা করেছেন। একই সঙ্গে দাওয়া, ইসলামিক থট এন্ড অ্যাফেয়ার্স একাডেমি তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, চিন্তা ও কর্মপ্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ।

তিনি কুরআন, সুন্নাহ এবং আহলে সুন্নাত ওয়াল জামাআতের স্বীকৃত আকীদা ও মানহাজকে ধারণ করে শিক্ষা, গবেষণা ও দাওয়াহর ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ, দায়িত্বশীল ও প্রজ্ঞাভিত্তিক কর্মধারায় বিশ্বাসী। জ্ঞানচর্চা, মানবকল্যাণ এবং উম্মাহর বুদ্ধিবৃত্তিক উন্নয়নকে তিনি তাঁর কর্মজীবনের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন।

শায়খ মুফতী আবদুল্লাহ নাজীব হাফিযাহুল্লাহ দীনী অঙ্গনে একজন আস্থাভাজন ও দায়িত্বশীল ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তিনি তাঁর উস্তায ও আকাবিরদের স্নেহ, দিকনির্দেশনা ও আস্থা লাভে ধন্য হয়েছেন। তাঁদের অনেকেই তাঁর শিক্ষা, গবেষণা ও দাওয়াহমূলক প্রচেষ্টার প্রতি প্রকাশ্যে সমর্থন ও সন্তোষ প্রকাশ করেছেন। তিনি যুগের প্রখ্যাত বুযুর্গ ও শায়খ মাওলানা ইবরাহীম আফ্রিকী রহ.-এর খিলাফত লাভেও ধন্য হয়েছেন, যা তাঁর আধ্যাত্মিক ও নৈতিক গঠনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

দাওয়াহ টিম

দাওয়াহকে সর্বস্তরের মানুষের কাছে কার্যকর ও ফলপ্রসূভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ডিটা একাডেমির দাওয়াহ টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একঝাঁক নিবেদিতপ্রাণ দাঈ এ কাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

মাওলানা সাঈদ রহমান

ব্যবস্থাপক, দাওয়াহ কার্যক্রম

মাওলানা মাহদী হাসান

সমন্বয়ক, দাওয়াহ কার্যক্রম

মাওলানা মনিরুজ্জামান

সমন্বয়ক, দাওয়াহ কার্যক্রম

রিসার্চ টিম

ডিটা একাডেমির রিসার্চ টিম দাওয়াহ, ইসলামিক থট ও সমসাময়িক বিষয়াবলিতে গবেষণাভিত্তিক, প্রামাণ্য ও সময়োপযোগী প্রবন্ধ, নিবন্ধ এবং কনটেন্ট প্রণয়নের মাধ্যমে দাওয়াহ, শিক্ষা ও বিশুদ্ধ চিন্তার বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শায়খ মুফতী আবদুল্লাহ নাজীব

রিসার্চ ডিরেক্টর

মাওলানা ইবরাহীম আবদুল্লাহ

সদস্য, হাদীস ও দাওয়াহ গবেষণা বিভাগ

মাওলানা আব্দুল্লাহ সালিম

সদস্য, দাওয়াহ গবেষণা বিভাগ

যোগাযোগ

অফিসের ঠিকানা

প্রধান কার্যালয়

জামিআ সুফফাহ শারকিয়া, বগুড়া, বাংলাদেশ

বগুড়া জেলা অফিস

কেন্দ্রীয় ঈদগাহ লেন, সুত্রাপুর, বগুড়া

মোবাইল

01711-656154, 01711-656155

ইমেইল

[email protected]

বার্তা পাঠান